• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

রুয়েটে নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী // / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হলো ইনোভেটিভ ও ক্রিয়েটিভ মানুষ তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমগুলো আমাদেরকে প্রশ্ন করার অধিকার দেয়। প্রশ্ন করার মধ্য দিয়ে নতুন জ্ঞান তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের দুটি দিক, যার একটি অবকাঠামো এবং অপরটি শিক্ষা। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের আকাঙ্খাকে ধারণ করতে হবে।’ ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের প্রতি জনগণের আকাঙ্খা হলো বিজ্ঞানকে প্রযুক্তিতে রুপান্তর করা। দেশীয় প্রযুক্তির উদ্ভাবন এবং বিকাশের জন্য যে দায়িত্ব আমাদের প্রতি অর্পিত, সেই দায়িত্ব যদি আমরা সঠিক ভাবে পালন করতে পারি, তবেই দেশ এগিয়ে যাবে। এর মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি।’

এর আগে সকাল সাড়ে ৯ টায় জাতীয় ও রুয়েটের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। রুয়েটে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে দশটায় অতিথি সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে রুয়েটের প্রশাসনিক ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী পোস্টার প্রেজেন্টেশন, বিতর্ক প্রতিযোগীতা, রক্তদান কর্মসূচি, চিত্র প্রদর্শনী এবং রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দোয়া সহ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসমূহে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ