রাজশাহীর পদ্মারচরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ, কাশির সিরাপ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মারচর সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সোনাইকান্দি বিওপির সদস্যরা। এ সময় বিজিবির টহল দলকে দেখতে পেয়ে চোরাকারবারিরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ, ৫ বোতল কাশির সিরাপ এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত নিষিদ্ধ কফ সিরাপ ও নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।