• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে বিনামূল্যেই হচ্ছে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যেই প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ২০০৭ সাল থেকে এ সেবা দিয়ে যাচ্ছে। বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে হাসপাতালটিতে একটি আনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে অনেকেই অবহেলা করে। অনেক সময় তাদের ‘হাসির পাত্র’ বানানো হয়। তাদের মুখে প্রকৃত হাসি থাকে না। সার্জারির পর তাদের মুখে হাসি ফুটছে। চিকিৎসকরা জানান, আর্থিক সক্ষমতা না থাকার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মণ্ডল। আরও উপস্থিত ছিলেন- অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী ও অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ