সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করেছেন, ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিট থেকে ধোপাকান্দি এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া রুটসহ উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিকল্প পথে যানবাহন সরিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ।
শিক্ষার্থীরা জানান, প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনো ভাড়া করা ভবনে চলছে। বর্তমানে পাঁচটি বিভাগে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী রয়েছেন। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য প্রশাসন ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠালেও তা এখনো অনুমোদন পায়নি।
এর আগে শিক্ষার্থীরা অবিলম্বে অনুমোদনের দাবিতে ধারাবাহিক মানববন্ধন, অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। গত ২৬ জুলাই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও কোনো অগ্রগতি না হওয়ায় তারা আজ আবারও সড়কে নেমেছেন।
তাদের হুঁশিয়ারি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।