• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভোলাহাটে নারী ইউএনওকে গামছা পরিয়ে বিদায়ের হুমকি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুমকে আগামী ঈদের পর গামছা পরিয়ে বিদায় করার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। উপজেলা চেয়ারম্যানের এমন অশালীন বক্তব্য জেলাজুড়ে আলোচনার ঝড় তুলেছে। দায়িত্বশীল ব্যক্তির এমন বক্তব্যে আওয়ামী লীগের উপজেলা ও জেলার নেতারা পড়েছেন বিব্রতকর পরিস্তিতিতে।

গত (সোমবার) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে আওয়ামী-যুবলীগের ডাকা শান্তি সমাবেশে এ হুঁশিয়ারি দেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান। তার বক্তব্যের ২ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন বলেন, ‘আমাকে বরখাস্ত করার উৎপাত চলছে। আমার গাড়ির ড্রাইভারের ওভারটাইম বেতন দেওয়া হচ্ছে না। শুধু জামায়াত-বিএনপি নয়, প্রশাসনে বসে বর্তমান ইউএনও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।’

ইউএনওকে হুঁশিয়ারি দিয়ে চেয়ারম্যান বলেন, ‘আগামী ঈদের পর উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে এখান থেকে বিদায় করা হবে। এখানে দাঁত ভাঙা জবাব কেউ দেখেনি, সবাই চুপচাপ আছে। ইনশাল্লাহ ঈদের পরে সেই রূপ দেখতে পাবে। আওয়ামী লীগের চেয়ারম্যানকে সরানোর পায়তারা করছো। ঈদের পর তোমার চৌদ্দগোষ্ঠির দাঁত ভাঙা জবার দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সামনে ২৫ তারিখের মধ্যে কোন স্টেপ না নেওয়া হলে যতগুলো প্রকল্পের কাজ চলছে আমি ও কোন চেয়ারম্যান এবং মেম্বার প্রকল্পে স্বাক্ষর করবো না। এতে টাকা ল্যাপ্স গেলে টাকা ল্যাপ্স যাবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবিরসহ ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন বক্তব্যের সত্যতা নিশ্চিত করে জানান, ইউএনও দীর্ঘদিন দরে নানা অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত। শুধু তাই নয়, উপজেলা পরিষদের বিভিন্ন অনুষ্ঠান, সভা-সেমিনারে ইউএনওর পাশে চেয়ারম্যানের নির্দিষ্ট চেয়ারে বসতে না দেওয়া, উন্নয়নমূলক প্রকল্পে টাকা ছাড়া স্বাক্ষর না করাসহ নানা অভিযোগও আছে।

জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম জানান, ‘চেয়ারম্যান ইউএনওকে হুমকি দিবে বিষয়টি কারও জানা ছিলনা। প্রকাশ্যে হুমকি দেয়া ঠিক হয়নি। এনিয়ে আমরা বিব্রত।’

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘একজন উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ইউএনওকে হুমকি দেয়া দল সমর্থন করেনা। আমরা এমন ঘটনায় বিব্রত। দ্রুত দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের বক্তব্য দেয়ার ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ