যশোরের বেনাপোল পৌরএলাকায় মিজানুর রহমান (৪৮) নামে এক কসাইকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। দূর্বৃত্তরা মিজানুরের ব্যবহৃত ছুরি দিয়েই তাকে জবাব করে হত্যা করে।
শুক্রবার (২৯ আগস্ট) ভোরে এ হত্যাকাণ্ডর ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় কসাই ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে মোবাইল ফোনে কল পেয়ে মিজানুর রহমান বাড়ি থেকে বের হন। স্ত্রীকে তিনি জানান, আহমদ ভাই ফোন করেছেন গরু জবাই করতে যেতে হবে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ভোরে ভ্যানচালক রহমত আলী তাকে খুঁজতে গেলে মিজানুরের স্ত্রী বাড়ির উঠানে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন, ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।