বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ শফিকুল শেখ (৩০) নামে এক চোরা শিকারীকে আটক করেছে। আটক শফিকুল শেখ উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রামপাল থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাতীরবেড় গ্রামের নতুনহাট ব্রীজের নিচে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই স্যালো ইঞ্জিন চালিত নৌকা থেকে শফিকুল শেখ নামের চোরা ওই শিকারী কে আটক ও তার নৌকায় থাকা হরিনের মাথাসহ সাড়ে ২৯ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়।
তিনি আরো জানান, শফিকুল শেখ দীর্ঘ দিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে বিক্রি করে আসছিল। আটক শফিকুল শেখের বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।