বগুড়া সদর উপজেলার চারমাথা গোদারপাড়া বাজার এলাকায় অবৈধ ও ভেজাল সার তৈরির একটি কারখানাকে সিলগালা করেছে জেলা প্রশাসন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদমান আকিফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশও সহায়তা করে। গোপন সূত্রে জানা যায়, গোদারপাড়া বাজার এলাকার একটি আবাসিক বাড়িতে অবৈধভাবে ভেজাল সার তৈরি হচ্ছিল।
অভিযানে কারখানার মালিকরা পালিয়ে গেলেও দুইজন শ্রমিক আটক হন। উদ্ধার করা হয় প্রায় ২০টি ভেজাল সার কোম্পানির মোড়কসহ বিভিন্ন ধরনের কাঁচামাল, সিমেন্ট, পাথর, চুনাপাথর, কীটনাশক, ফসফরাস, সালফার, জিংক এবং সার তৈরির অন্যান্য সরঞ্জামাদি।
এ ছাড়া, নকল মোড়ক ও লেভেলও উদ্ধার করা হয়, যা সার ব্যবসায়ীর প্রতারণার প্রমাণ। স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম ও সুলতান নামে দুজন ব্যক্তি ওই বাড়িটি ভাড়া নিয়ে সেখানে এই কারখানা পরিচালনা করছিলেন।
অভিযান শেষে বগুড়ার সহকারী কমিশনার সাদমান আকিফ কারখানাটি সিলগালা করে দেন। উদ্ধারকৃত মালামাল বগুড়া সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মুনছুর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে।
এদিকে, আটক হওয়া দুই শ্রমিক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও কারখানা মালিকদের বিরুদ্ধে মামলা প্রস্ততি চলছে। ধারণা করা হচ্ছে, এ কারখানাটি একটি বৃহৎ অবৈধ সার সিন্ডিকেটের অংশ।