আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের কার্যক্রমে বগুড়ার পুলিশের গতি ফিরেছে। মাদক বিরোধী অভিযানে ১০২ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৬০ পিস নেশার ইনজেকশন উদ্ধার করা হয়েছে। চারজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোয়েন্দা পুলিশ, মোকামতলা তদন্ত কেন্দ্র এবং সারিয়াকান্দি থানার পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুত্র জানায়, ১২টি থানা, সবগুলো ফাঁড়ি এবং গোয়েন্দা পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের কার্যক্রমে গতি বাড়াতে তাগিদ দিয়েছেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানার উপর জোর দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকার একটি এলপিজি গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ রহিমা বেগম (৫৫) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি পঞ্চগড় সদরের পানিমাছ-পুকুরী এলাকার মাসুদ রানার স্ত্রী। ওই নারীর বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পৃথক চেকপোস্ট বসিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়ে সুলতান মাহমুদ (৪০) নামের আরেকজন। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মোকামতলা তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৬০ পিস এম্পল মাদকদ্রব্য বুপ্রিনরফিন ইনজেকশনসহ দুইজনকে আটক করা হয়৷ তারা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার গোবিন্দাপুর এলাকার আব্দুল বারীর ছেলে হারুনুর রশিদ হারুন (৩৫) এবং একই এলাকার একরামুল হকের ছেলে আঙ্গুর মিয়া (২৮)।
গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা, সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ছাড়াও দুটি সাজা ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে।