৭ সপ্তাহের বকেয়া বেতন না দেওয়া, ১৩ মাসের পি. এফ চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়া এবং বেতন ভাতা বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা।
জানা যায়, গত ৭ সপ্তাহ ধরে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে চা-শ্রমিকদের। যার কারণে এখন কাজ বন্ধ করে আন্দোলন করছেন চা-শ্রমিকরা। বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগান বন্ধ রয়েছে। বেতনভাতাদি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা-শ্রমিকরা। একারণে তারা এখন আন্দোলন করছেন।
কৃষ্ণ গোয়ালা নামের এক চা-শ্রমিক জানান, গত সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। এজন্য আমরা মানববন্ধন করেছি। এখনও মালিক কিংবা কর্তৃপক্ষ কেউই আমাদের খোঁজ নিচ্ছে না যে কিভাবে আমাদের চা-শ্রমিকেরা বেঁচে আছে। এই ৭ সপ্তাহ বেতন-ভাতা ছাড়া আমরা বাচ্চাকাচ্চা নিয়ে কিভাবে চলছি, তা উপরওয়ালা জানেন। কখন আমাদের মালিকরা ৭ সপ্তাহের বেতন দিবে, এই আশায় রয়েছি। যার কারণে আজ এই আন্দোলন করছি। রাস্তায় নামার পরও কেউ যোগাযোগ করছে না আমাদের সাথে। আরও ২/৩ দিন আমরা এভাবে আন্দোলন করবো। যদি এর মধ্যে তারা আমাদের বেতন-ভাতা না দেন, তাহলে আমরা রাজপথে নামবো। এতে যদি আমাদের মরণও হয়ে যায়, তাহলে হয়ে যাক।
ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান জানান, আমাদের টাকা না থাকায় শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমরা কৃষি ব্যাংকে লোনের জন্য আবেদন করেছি। আশা করছি সেখান থেকে টাকা পেলে আমরা তাদের বেতনভাতাদি দিতে পারবো। এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে।