নওগাঁর পোরশা উপজেলায় চার বছর ধরে ভিলেজ এগ্রোভেট নামে একটি কারখানায় নকল ওষুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এ ঘটনায় মূলহোতা শহিদুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম (৩৮)কে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, নিতপুর বাংগালপাড়ার মাইনুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম নিতপুর স্কুল অ্যান্ড কলেজের পাশে ৮৯৩ লাইসেন্স নম্বর ব্যবহার করে কারখানাটি চালাতেন। খবর পেয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির নানা সরঞ্জাম ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযান পরিচালনা করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় নওগাঁ জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক শাকিল আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।