দেশের চার বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটা জানিয়েছে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে। এ সময়ে চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি ছিল। বরিশাল ও ঢাকা বিভাগেরও দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে।
রাতের তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা- এ চার বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান তিনি।