চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি মদ, ফেন্সিডিল ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নতুন বার রশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।
অভিযানে ১১৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮৮ বোতল ফেন্সিডিল, একটি বার্মিজ চাকু এবং মাদক বিক্রির ৯২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. জিহাদ আলী (১৯)-কে গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নামোচাকপাড়া এলাকার মো. আমান আলীর ছেলে।
উদ্ধারকৃত মদগুলোর মধ্যে রয়েছে —
ROYAL STAG, SUPERIOR WHISKY, SIGRAM QUALITY — ৩০ বোতল
SEAGRAM’S IMPERIAL BLUE SUPERIOR GRAIN WHISKY — ৩০ বোতল
BLACK DOG CENTENNARY WHISKY — ৩৪ বোতল
VAT 69 BLENDED SCOTCH WHISKY — ২৩ বোতল
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।