চাঁপাইনবাবগঞ্জের ফরিদপুর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ মাদক ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শুক্রবার (৫ জানুয়ারী) দুপুরে এই মাদক উদ্ধার করে বিজিবি-৫৩। এ সময় অভিযানে ২ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটককৃতরা হলো-জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মর্তুজা (৪৫) এবং একই ইউনিয়নের গিধনিপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মোবারক (৩৫)।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ গোপন তথ্যের
ভিত্তিতে শুক্রবার দুপুর পৌণে ১টায় ব্যাটালিয়নের ফরিদপুর বিওপির একটি চৌকষ টহল দল জেলার সদর উপজেলার চরবাগডাংগা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় চরবাগডাংগা বাজারে পরিত্যাক্ত একটি দোকানের মধ্যে ১ কেজি ৪৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ মর্তুজা ও মোবারককে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।