জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি গ্যাস সংকটে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
এর আগে বৃহস্পতিবার থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, গ্যাসের চাপ কম থাকায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে। আজ থেকে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে ১০-১২ দিন সময় লাগবে।
১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সারকারখানা। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল।