লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ইউসুফ উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।
জানা যায়, রোববার গভীর রাতে ইউসুফ আলীসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় বিএসএফ তাদেরকে লক্ষ করে গুলি ছুঁড়লে সেখানেই ইউসুফ আলীর মৃত্যু হয়। এসময় তার বাকি সঙ্গীরা পালিয়ে যায়। পরে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিষয়টি তিনি শুনেছেন। এখনো বিজিবির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি।