নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩যুবক কে আটক করেছে পুলিশ।
সোমবার (১০নভেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ছিনিয়ে নেওয়া সেই ছাত্রলীগ কর্মীর নাম সাহিদ আলী। সে উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
আটকরা হলেন উপজেলার বাকনাই কদম তলা গ্রামের ইকবাল আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫),কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।
থানা সূত্রে জানাযায় গত শনিবার (৮নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া স্টেডিয়ামে আয়োজিত বিলমাড়িয়া সুপার লীগের চতুর্থ ম্যাচ খেলার মধ্যকার বিরতির সময় সাদা পোশাকে পুলিশের কয়েক জন সদস্য সাহিদ আলী নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে হ্যান্ডকাপ পরালে উপস্থিত দলীয় নেতা কর্মীসহ মাঠে দর্শকের চাপের মুখে হ্যান্ডকাপ খুলে দিয়ে সাহিদ আলী কে ছেড়ে দেয় পুলিশ।
এঘটনায় পুলিশ বাদী হয়ে লালপুর থানায় সরকারি কাজে বাধা প্রদান ও আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করায় একটি মামলা দায়ের করে পুলিশ। পরে ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম জানান সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩যুবক কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।