নাটোরে মালবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ফয়সাল ইসলাম সেলিম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাকচালক ফয়সাল ইসলাম সেলিম ঝিনাইদহ জেলার মহেশখালী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।