বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুল জলিল খন্দকার মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার(২১ জুন) সন্ধ্যা ৭ টায় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান স্বাক্ষরিত বেসকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
আবদুল জলিল খন্দকার তালোড়া পৌর বিএনপির সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র ছিলেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
বেসরকারি ফলাফল অনুযায়ী আব্দুল জলিল খন্দকার জগ প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯২৪।
নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিল পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও. কামরুল ইসলাম নির্বাচন বর্জন করে প্রচার থেকে বিরত ছিলেন।
বুধবার (২১ জুন)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তালোড়া পৌরসভার ৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। তালোড়া পৌরসভার ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৬ জন।