রাজশাহীর তানোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল শরিফ উদ্দিনকে সংর্বধনা দেয়ার অনুষ্ঠান পন্ড করে দিয়েছেন বিএনপির তানোর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপ। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পাশাপাশি সংর্বধনা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসময় সংর্বধনা অনুষ্ঠানের স্থান তানোর পৌর এলাকার গোকুল এলাকায় আতংকিত হয়ে পড়েন সাধারণ মানুষসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। প্রত্যক্ষদর্শি ও দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ছোট ভাই মেজর জেনারেল শরিফ উদ্দিন সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় তানোর উপজেলা কৃষকদল ও তানোর পৌর সভা কৃষকদলের যৌথ উদ্যোগে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত সংর্বধনা অনুষ্ঠানে মিজান গ্রুপের নেতা-কর্মি ও সমর্থকরা গিয়ে হই হুল্লোড় শুরু করেন এবং এক পর্যায়ে লাঠি নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়। এসময় খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তানোর উপজেলা কৃষকদলের সদস্য সচিব বলেন, কৃষকদলের পক্ষ থেকে সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপের নেতাকর্মী সমর্থকরা লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর ব্যানার ছিড়ে ফেলেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে সংবর্ধনা অনুষ্ঠান পন্ড হয়ে যায় বলে জানান তিনি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, এঘটনায় কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।