• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ওয়াটার ট্রিটমেন্টের একটি প্রকল্পে চাকরি দেওয়ার নামে এক প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি বিভিন্ন যায়গায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। সবশেষ তিনি হুমকি পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর নাম রমজান আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। জন্মগত ভাবে তিনি শারিরীক প্রতিবন্ধী। তিনি গোদাগাড়ীর রাজশাহী ওয়াসার মেগা প্রকল্প হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার গ্রুপ কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এই কর্মকর্তার নাম সোহরাব হোসেন খন্দকার। তিনি হুনান কন্সট্রাকশনের ক্রয় ও শুল্ক ছাড়পত্র কর্মকর্তা।

রমজান আলী গেল ২৩ অক্টোবর হুনান কনস্ট্রাকশনের প্রশাসন প্রধানের কাছে অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, সোহরাব হোসেন খন্দকার নিজে থেকে চলমান প্রকল্পের কাজের জন্য যোগাযোগ করেন। তিনি কিছু টাকা দিলে ভালো বেতনের চাকরি দিতে পারবেন। তিনি নিজেকে স্থায়ী কর্মচারী এবং চীনা কর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করেন।

তিনি আরও উল্লেখ করেন, তিনি অ্যালকোহল, বিয়ার এবং আরও অনেক কিছু সরবরাহ করে সমস্ত চীনা কর্তাদের খুশি করেন বলে দাবি করেন। চীনা কর্মকর্তাদের টাকা দিয়ে স্থানীয়দের চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। ভালো পদ নিতে হলে ভালো টাকা দিতে হয় বলে জানান তিনি।

রমজান আলী বলেন, তিনি আমার কাছে দুইবারে চাকরি দেওয়ার নাম করে মোট ৬০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু টাকা নেওয়ার পর ফোন ধরছেন না। শেষবার ২৬ সেপ্টেম্বর অনেক চেষ্টার পর আমি তার সঙ্গে দেখা করি। তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে স্থানীয় রাজনৈতিক নেতার নাম ধরে হুমকি দেয়।

তিনি বলেন, এরপর বিষয়টি নিয়ে আমি তাদের প্রতিষ্ঠানে অভিযোগ করি। তিনি ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর বিকেলে নাচোল উপজেলার কার্তিকপুরে আমার লিজ নেওয়া পুকুরে কিছু স্থানীয় নেতাদের নিয়ে আসে সোহরাব হোসেন খন্দকার। তিনি আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে যান। বলে যান চাকরি আমাকে দেওয়া হবে টাকা ফেরতও দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করলে এর ফলও ভালো হবে না। এরপর আমি নাচোল থানায় অভিযোগ দায়ের করি।

টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে হুনান কন্সট্রাকশনের ক্রয় ও শুল্ক ছাড়পত্র কর্মকর্তা সোহরাব হোসেন খন্দকার বলেন, যে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তাকে অফিসে ডাকা হয়েছিল তিনি আসেননি। তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিল যার কল রেকর্ড আমার কাছে আছে। আর এটা নিয়ে পুলিশ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে। তিনি এ বিষয়ে থানায় কথা বলতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ