• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]

পেছাল চাকসু নির্বাচন, ভোট ১৫ অক্টোবর

দেশের আওয়াজ ডেস্ক : / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ হবে ১৫ অক্টোবর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের অনুরোধে তারিখ পেছানো হয়েছে।

একই সঙ্গে নির্বাচনী সময় ক্যাম্পাসে কোনো ব্যানার-ফেস্টুন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রতিটি ভোটারের জন্য ১০ মিনিট সময় ধরে বুথের সংখ্যা নির্ধারণ হবে। ভোটার তালিকায় প্রার্থীদের ছবি থাকবে।

এর আগে আচরণবিধি সংশোধন ও নির্বাচনসংক্রান্ত এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা নির্বাচনের দিন শহর থেকে আসা শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস বা শাটল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক সমস্যার কারণেও তারিখ পরিবর্তনের প্রস্তাব উঠে আসে।

শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, নির্বাচনের আগে ও পরে চার দিন করে, মোট আট দিন সব বিভাগের পরীক্ষা বন্ধ রাখা হোক। শহরের শিক্ষার্থীদের সুবিধার্থে চারুকলা ইনস্টিটিউটে ভোটকেন্দ্র স্থাপনের আবেদনও করেছেন তাঁরা।

অমোচনীয় কালি ব্যবহার, এলইডি স্ক্রিনে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা এবং ভোটসংক্রান্ত ফেসবুক আইডি ও পেজে প্রশাসনের নজরদারির আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনে ২৮টি, হল সংসদের ১৬টি এবং হোস্টেল সংসদের ১০টি পদে ভোটগ্রহণ হবে। কোনো প্রার্থীর মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) ফল ইতিবাচক হলে তাঁর প্রার্থিতা বাতিল হবে।

চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ