• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডা’কাতি, কোটি টাকার যন্ত্রাংশ লু’ট

নাটোর প্রতিবেদক // / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নাটোর চিনিকলে ঘটেছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে ভোররাত পর্যন্ত চলা এই ঘটনায় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মিলের প্রায় কোটি টাকার মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।

জানা যায়, রাতে বৃষ্টির সুযোগে একটি বড় ট্রাক নিয়ে ডাকাতরা মিল এলাকায় প্রবেশ করে। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা ১২ জন প্রহরীকে বয়লার সেকশনের একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। পরে মিলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে পিতলের ওয়েল্ডিং কেবল, ব্রাশ শ্যাফট (৩০০ কেজি), পাম্প ইম্পেলার, ফিটিং বুশ, সিরাম পাম্প, স্ক্রিন্ড জুস পাম্পসহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।

হামলার সময় বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মী শাহ আলম কানে গুরুতর আঘাত পান এবং তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্য এক প্রহরী অলি আহমেদ বাঁ হাতে আঘাত পান, তাঁকে মিলের প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে সেবা দেওয়া হয়।

রোববার সকালে দ্বিতীয় শিফটের প্রহরীরা এসে জিম্মি অবস্থায় সহকর্মীদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, সিআইডি, ডিবি এবং মিল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় প্রাথমিকভাবে নিরাপত্তা হাবিলদার বদরুদ্দীন বেগ ও প্রহরী সাব্বির আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আট নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

মিল কর্তৃপক্ষ ডাকাতির তদন্তে কৃষি বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। তদন্তে প্রশাসনের পাশাপাশি র‍্যাব-পুলিশও যুক্ত রয়েছে।

মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, লুট হওয়া মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, “আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। মালামাল উদ্ধারে অভিযান চলছে এবং দায়ীদের শনাক্তে কাজ চলছে।”

চিনিকল এলাকায় বর্তমানে টানটান নিরাপত্তা ও চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ