রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর গতবছর (২০২৪) পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী বসেছিল। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৬৯টি। এদিকে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাতে পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র।শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, সার্বিকভাবে এবার বোর্ডের পাসের হার ভালো হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের ফল পেয়েছে। ৭৭ দশমিক ৬৩ শতাংশ পাশের হার এটাকে অসন্তোষজনক বলার সুযোগ নেই। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।উল্লেখ্য, ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়।