ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্রের দাবিতে ১৫ ছাত্র সংগঠনকে নিয়ে গঠিত হলো ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলরুমে এ ঘোষণা দেন সংগঠনটির মুখপাত্র ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল।
১৫ ছাত্র সংগঠন হলো— জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, জেএসডি ছাত্রলীগ, নাগরিক ছাত্র ঐক্য, ভাসানী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র সংহতি, রাষ্ট্র সরকার ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফোরাম (মন্টু), জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাগপা ছাত্রলীগ (রবিউল), গণতান্ত্রিক ছাত্রদল (এনডিপি), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি, পার্থ), জাগপা ছাত্রলীগ (লুৎফর)।
এসময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, বাংলাদেশকে রক্ষায় ছাত্র আন্দোলনের যে গৌরবজ্জ্বল ঐতিহ্য তা ৫২ বছরের নানান রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতির কারণে আজ বিভ্রান্ত, অসংগঠিত ও পথভ্রষ্ট। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল বিভ্রান্তি দূর করে ছাত্র সমাজের সামনে সম্মান ও মর্যাদার জীবনের প্রস্তাবনা তুলে ধরা তাই সময়ের দাবি। একই সাথে ভয় ও দখলমুক্ত গণতান্ত্রিক ধারার শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের শিক্ষার্থীকে রাজপথে নামিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন, গণঅভ্যুত্থান সৃষ্টি করা আমাদের ঐতিহাসিক কর্তব্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল।
ছাত্র ঐক্যের মুখপাত্র করা হয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ। এছাড়াও সমন্বয়ক হিসেবে আছেন— বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।