বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় রচনা করবে ইনশাআল্লাহ।
রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন. বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতো আরেকটি বিভাগ করবেন যাতে শহিদ ও আহত যোদ্ধাদের সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়।
তিনি আরো বলেন, এই আন্দোলন ছিলো অধিকার হারা গণতন্ত্রকামী মানুষের গণআন্দোলন, একারণেই ১৯৭১ সালের আন্দোলন ছিলো স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের আন্দোলন ছিলো দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। সুতরাং ২০২৪ সালের আন্দোলনকে যদি সুসংহত করতে হয়, তাহলে দেশের প্রতিটি নারী পুরুষ নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন।
তিনি বলেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থরক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের বিষয়ে স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষের সজাগ থাকা অবশ্যই অতীব প্রয়োজনীয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, এবং শহিদদের পরিবারের সদস্য ও যোদ্ধাহতরা।