সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
তার কারামুক্তির খবর পেয়ে কারাফটকে বিকেল থেকেই নেতাকর্মীরা জড়ো হন। তিনি বেরিয়ে এলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
এর আগে দুপুরে সর্বশেষ ঢাকার রেলওয়ে থানায় মামলায় জামিন পান তিনি। এর মধ্য দিয়ে সব মামলায় জামিন পান বিএনপির এই নীতিনির্ধারক।
জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের দুদিন পর ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগের একটি বাসা থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে পুলিশ।
তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় কয়েক ডজন মামলা হয়। এর মধ্যে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়।
গত ১ নভেম্বর এক মামলায় মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয় এবং আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়। বাকি নয়টিতে রাষ্ট্রপক্ষ গ্রেফতার না দেখানোয় তার জামিনের আবেদন শুনানি সম্ভব হচ্ছিল না। সে কারণে গত ২৪ জানুয়ারি নয়টি মামলায় গ্রেফতার দেখানোসহ জামিনের আবেদন করা হয়।
এরপর ১ ফেব্রুয়ারি সেই আবেদন গ্রহণ করে আদালত। এরপর বিভিন্ন দিনে ১০টি মামলার জামিন হলেও কেবল বাকি ছিল রেলওয়ে থানার মামলা। সোমবার সেটিতেই জামিন পাওয়ায় বিএনপি শীর্ষ এই নেতা কারামুক্ত হলেন।
প্রসঙ্গত, ২৮ অক্টোবরের ঘটনার পর গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। আরও বেশ কয়েকজন নেতা মুক্তি পাওয়ার অপেক্ষায় আছেন।