প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আগের রাতেই ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে ৫টি আসন ধরিয়ে দিয়েছিল। বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে ভোট ডাকাতি করেছিল তারা।’
বুধবার (১ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে পথচারীদের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘জনগণ সরকারের পতন চায়। ভোটের অধিকার চায়, মতপ্রকাশের স্বাধীনতা চায়। এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মে্ট্রোরেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে। আর সে টাকা বিদেশে পাচার করে অট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ডহোম তৈরি করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মাহমুদুর রহমান সুমন, তারিকুল আলম, আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসি আহমেদ মিষ্টি এ সময় উপস্থিত ছিলেন।