বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করলে লিওনেল মেসির নামটা যে তালিকার একেবারে উপরের দিকেই থাকবে সে কথা তো সবারই জানা। আর্জেন্টাইন জাদুকর গত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল জগতে রাজত্ব করেছেন, পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। আর তা করতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকাও বানাতে হয়েছে তাঁকে।
মেসির ড্রিবলিংয়ের ফাঁদে পড়ে তাঁকে আটকাতে না পেরে বোকা বনে যাওয়া তেমনই এক ডিফেন্ডার মার্সেলো। ব্রাজিলের সাবেক এই ফুটবলার খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। সে কারণে মেসির ক্লাব ক্যারিয়ারের চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।
এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে ম্যাচে মেসিকে আটকানোর ভার থাকতো মার্সেলোর কাধেও। তবে আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে পেরে ওঠেননি তিনি। আর পেরে না ওঠায় মেসিকে ফাউল করতে মারতেও চেয়েছেন কয়েকবার, এমনটাই জানিয়েছেন মার্সেলো।
সম্প্রতি স্প্যানিশ এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মার্সেলো বলেন, ‘আমি মেসির অনেক প্রশংসা করি। সে খুব দক্ষ এবং অবিশ্বাস্য ফুটবলার। আমি ভেবেছিলাম আপনি (অনুষ্ঠানের উপস্থাপক) আমাকে সেই ভিডিও দেখাবেন, যে ম্যাচে সে আমাকে বোকা বানিয়েছে। (ওই ম্যাচে) সে এতটাই গতিময় ছিল যে কখন আমাকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে গেছে, তা দেখতেও পাইনি। ফাউল করার উদ্দেশ্যে আমি তাকে মারতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। কারণ, সে খুব দ্রুত ছিল। তবে এতে সমস্যা নেই। আমি এমন এক জায়গায় জন্মেছি, যেখানে ড্রিবলিংয়ের শিকার হওয়ার চেয়ে সবাই ড্রিবলিংই করতে চায়।’
মেসি ও রোনালদোর মধ্যে তুলনা নিয়ে মার্সেলো বলেন, ‘ক্রিস্টিয়ানো মনে করে সে-ই সেরা। একটা সময় ছিল, যখন সবকিছু এলোমেলো হয়ে যেত। কারণ, একজন যদি ২ গোল করত, আরেকজনকে ৩টি করতে হতো…আমরা এটা সরাসরি দেখেছি এবং বেশ উপভোগ করেছি। আমি দুজনের মধ্যে তুলনা পছন্দ করি না। অনেকেই তাদের তুলনা করতে গিয়ে উপভোগের বিষয়টি ভুলে গেছেন। আমরা ভাগ্যবান যে, মেসি ও ক্রিস্টিয়ানোর যুগে খেলতে পেরেছি।’