বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, আমাদের একটি মাত্র চাওয়া, তা হলো স্বাধীন দেশে সুষ্ঠু নির্বাচন। যেন সবাই ভোট দিতে পারে। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করে কোনো লাভ নেই। আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করে সেটা বিএনপি বিবেচনা করবে।
শুক্রবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা মানবাধিকারবিরোধী কাজ উল্লেখ করে বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, ‘বিএনপির পদযাত্রায় হামলা হয়েছে কেন? সজীবকে হত্যা করা হলো কেন? আমাদের ওপর কেন এত অত্যাচার?’
আহমেদ আজম খান আরও বলেন, ‘১৪ ও ১৮ সালের নির্বাচন হলো দেশের কলঙ্ক। আওয়ামী লীগকে বলতে চাই, ভোট ছাড়া ক্ষমতায় এলেন সংবিধানের কোন আর্টিকেলে? আসলে দেশের ভোটের ওপর সরকারের শকুনির নজর পড়েছে। সে নজরে তারা আরেকটি নির্বাচন করতে চায়।’
আহমেদ আজম খান বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে তারা নির্বাচন করেন, কারণ নির্বাচনে তারা ১০ ভাগ ভোটও পাবে না। ঢাকা-১৭ এর নির্বাচনে ভোট পড়েছে ১১ ভাগ। কিন্তু সাবেক নির্বাচন কমিশনার বলেছেন, ভোট পড়েছে মূলত ছয় ভাগ, তার মধ্যে তিন ভাগই পেয়েছেন হিরো আলম। অথচ তাকেও সরকার সহ্য করতে পারেনি। বিএনপির তো ৮০ ভাগ সমর্থন রয়েছে, তাহলে কীভাবে সরকার তা সহ্য করবে?’
সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদূর রহমান প্রমুখ।