বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তাহলে তারা কিভাবে দাবি করে যে সুষ্ঠু ভোট হয়নি? তাদের নির্বাচনে আনা, এটা কী আওয়ামী লীগের দায়িত্ব? না। তারা আসুক বা না আসুক, এটা অনেক দেশেই ঘটে। এমনকি ইউএসএসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দল ভোটে অংশ নেয় না। কোনো কোনো দল অংশ নেয়।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনি তো রাজনীতি করেন মানুষের আশা পূরণের জন্য। তাহলে আপনি ক্ষমতায় না গেলে কি করে মানুষের আশা পূরণ করবেন। আপনাকে আসতে হবে নির্বাচনে। বিএনপি যদি জনগণের খেদমত করতে চায় তাহলে জনগণের কাছেই আসতে হবে তাদেরকে। এখন জনগণের কাছে না এসে…।এখন আমি কেন তাকে পারসু করব। আমি তো একটা রাজনৈতিক দল করি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি সরকারের কথা বলছি না। সরকারে পক্ষ থেকে সরকার বহুবার নানা ইনিসিয়েটিভ নিয়েছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বিএনপি একটি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। তারা নির্বাচনের আয়োজন করেছেন। আপনারা আমরা সবাই মিলে ইলেকশন করব। যারা জিতে তারা সরকার গঠন করবে। দেশের মানুষের আশা পূরণ করবে। আপনি আপনার নির্বাচনি ইশতেহারে বলেন মানুষের জন্য কি কি করবেন। আমরা তো ২০১৮ সালে বলেছিলাম, আমরা এই এই করব। এখনো সাধারণ মানুষের কাছে বলব আমরা কি কি করব।
বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশনের অধীনে হবে। প্রধানমন্ত্রীর অধীনেও নির্বাচন হবে না। আমরা প্রধানমন্ত্রীসহ মন্ত্রী সভার যত সদস্য আছি আমরা সবাই থাকবো নির্বাচন কমিশন যে সমস্ত নির্দেশনা দেবে সে সমস্ত নির্দেশনা পালন করবার জন্য। আর পুলিশ থেকে আরম্ভ করে যত প্রশাসন সবাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।
ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপানি রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, জাইকা বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমোহিদে ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. ইব্রাহিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) বিষ্ণু কুমার সরকার।
ওয়াসা সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় স্থাপিত এই প্রকল্পে কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে দিনে ১৪ কোটি ৩০ লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করার সক্ষমতা রয়েছে। ২০২১ সালের মার্চের এই কেন্দ্রে উৎপাদন শুরু হয়। তবে তখন প্রয়োজন অনুসারে ৮-৯ কোটি লিটার পানি উৎপাদন করা হত। ৪৪৮৯ কোটি টাকার এই প্রকল্পে জাইকার উন্নয়ন সাহায্য দুই হাজার ৮০০ কোটি টাকা। বাংলাদেশে সরকারের এক হাজার ৬৬৫ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসার বরাদ্দ ২৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় ১৫ কোটি লিটার ক্ষমতা সম্পন্ন ইনটেক, দৈনিক ১৪ কোটি ৩০ লাখ লিটার উৎপাদন ক্ষমতার পানি শোধনাগার, দুই কোটি ৪৮ লাখ লিটার ও ৩০ লাখ লিটার ধারণ ক্ষমতার জলাধার এবং ৭০০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইনসহ পানি সরবরাহে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে।