• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বর্ণাঢ্য আয়োজনে হীরক জয়ন্তী পালন করতে চায় আওয়ামী লীগ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ মে, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হীরক জয়ন্তী পালন করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ মে) বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিরাট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৩ জুন ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী হীরক জয়ন্তী পালন করব। আমরা ব্যাপকভাবে পালন করার চিন্তা ভাবনা করছি। এটা থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করা হবে ২৩ জুন। সেখানে প্রধানমন্ত্রীসহ দলের নেতৃবৃন্দ, ইন্টেলেকচুয়াল মানুষদের আমন্ত্রণ জানাব। আলোচনা সভার আগে কালচারাল অনুষ্ঠান হবে।

সভার আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সম্পাদকমণ্ডলীর সভা করা হয়েছে। সাংগঠনিক বিষয়াদী নিয়ে আলোচনা করেছি। আমরা মূলত ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করব। সেদিন সকালে আমরা আমাদের পার্টির কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সহযোগী, ভ্রাতিপ্রতিম সংগঠনগুলো ফুলেল শুভেচ্ছা জানাব। থানা, জেলা, উপজেলা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিশেষ প্রার্থনা করা হবে বাইতুল মোকাররম, চার্চ ও জাতীয় মন্দিরে। বিকালে আলোচনা সভা হবে ঢাকা জেলা মিলনায়তনে।

কাদের আরও বলেন, ১৬ মে অস্বচ্ছল ও গরীব মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। স্থান পরে জানিয়ে দেওয়া হবে। ব্যানার-পোস্টার, বিলবোর্ড, প্রেসক্লাব, সোনারগাঁও, বাংলাদেশ ব্যাংকের সামনে সজ্জিত করা হবে ১৭ মে।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি; সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এস এম কালাম হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন; তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ; ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর সম্পাদক সায়েম খানসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ