• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

দেশে এখন রাজনীতি বলতে কিছু নেই: ড. মঈন খান

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

দেশে বর্তমানে রাজনীতি বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, আছে অপরাজনীতি। এখানে ক্ষমতার নামে দখল ও চাঁদাবাজি আর টাকা পাচার চলে। ৫২ বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বাংলাদেশ স্বাধীন করেছিল তার মূলে ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের অর্থনৈতিক মুক্তি। কিন্তু আজ দুটোর কোনোটিই নেই।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের একটি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘মহান বিজয় দিবস, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বর্তমান প্রেক্ষাপট‘ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ভালোবাসলে স্বেচ্ছায় পদত্যাগ করে গণতন্ত্র ফিরিয়ে দিক। জনগণের ভোটে তারা নির্বাচিত হলে প্রথম আমি অভিনন্দন জানাবো। না হলে এবার জুজুর ভয় দেখিয়ে এই সরকারের কোনো লাভ হবে না। নির্বাচনের পর সরকার ৫ দিন টিকবে কি না কেউ বলতে পারেন? সুতরাং ২০১৪ সাল আর ২০২৪ সাল কিন্তু এক নয়। জনগণের শক্তির কাছে কামান বা বুলেট কিছুই টিকে না। বিশ্বে এমন অসংখ্য নজির রয়েছে। এবার সরকারের শেষ রক্ষা হবে না। এই সরকারের ওপর জনগণের আস্থা নেই।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালামের সার্বিক তত্ত্বাবধানে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

ড. আবদুল মঈন খান বলেন, বর্তমানে বাংলাদেশের সংকটের সমাধান করতে হবে। সরকার মুখে যা বলে কাজে তা করে না। কাজে যা করে তা বলে না। তারা নিজেদের গণতান্ত্রিক সরকার বলে পরিচয় দেয়। বিএনপিকে বলে সন্ত্রাসী দল! তারা মিথ্যা কথা বলে জনগণকে বার বার বিভ্রান্ত করছে। তারা হিটলারের মন্ত্রী গোয়েবলসের মতো মিথ্যাচার করছে। তবে এভাবে সরকারের শেষ রক্ষা হবে না। ক্ষমতার মোহে অন্ধ হলে পায়ের মাটি কখন সরে যায় টের পাওয়া যায় না।

তিনি বলেন, এই সরকারের মিথ্যাচার নিজেরাই বিশ্বাস করে না। তারা মনে করছে ক্ষমতায় যেহেতু আছে নির্বাচনের দরকার কি? কোনো সরকার গণতন্ত্রের ভান ধরলে সেই সরকার স্বৈরাচারের চেয়েও বেশি ভয়ংকর হয়ে ওঠে। আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার একদলীয় গণতন্ত্র দিয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ কখনোই স্বৈরশাসককে মানেনি। যার প্রমাণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সেদিন কিন্তু দেশের জনগণ পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে ও গণতন্ত্রের দাবিতে জীবন দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। আমরা আবারও সবাইকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার কী ভোট করছে? এটা তো বানরের পিঠা ভাগাভাগির মতো। ল্যাংড়া কানা খোঁড়া নিয়ে নির্বাচনের আয়োজন করছে সরকার। তারা নিজেরা নিজেরা লাইনে দাঁড়িয়ে জটলা পাকিয়ে দেখাবে নির্বাচনে ভোটগ্রহণ চলছে! আসলে এটাতো কোনো নির্বাচন নয়। আজকে আওয়ামী লীগের জোট-মহাজোটের নেতাদের আসন ভাগাভাগি দেখলেই বোঝা যায় ওটা বানরের পিঠা ভাগাভাগি। এভাবে সরকার নির্বাচনের নামে নাটক সিনেমা করবে।

তিনি বলেন, এই সরকারকে যেতেই হবে জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বিএনপি কিন্তু দেশে জনতার অভ্যুত্থান ঘটিয়েছে। যা সারাদেশে দেখা গেছে। এবার বিজয় শোভাযাত্রার মাধ্যমে সারা ঢাকা কেঁপে উঠবে। রাজপথের কঠোর আন্দোলন ও রক্তের বিনিময়ে হলেও এই সরকারকে বিদায় নিতে হবে। যা বিশ্বের দেশে দেশে এমনটি হয়েছে। সরকারের পুলিশ বাহিনী যতই অত্যাচার করুক আমরা আমাদের জায়গা ছাড়বো না। কেননা রাজনৈতিকভাবে এই সরকার পচে গেছে। এরা সারাবিশ্বে ঘৃণিত। ম্যাথিউ মিলার বলেছেন বাংলাদেশের বিরোধীদের ওপর কেমন নির্যাতন চালানো হচ্ছে। আমরা সব খবর রাখি। সুতরাং ওদের সময় বেশি নেই।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে আমাদের বর্তমান বাংলাদেশের কোনো মিল নেই। শুধু সরকারের লোকেরা কথা বলবেন। আর কারও কথা বলার সুযোগ নেই। এটাকে বলা যায় বাকশাল-২। আসুন আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। ফ্যাসিবাদ পরাজিত হবে ইনশাআল্লাহ।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। একপর্যায়ে সরকার ভয় পেয়ে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারাই আবার বলে বিএনপি সন্ত্রাসী দল! আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা বিরোধীদলের হাত পা বেঁধে দিয়ে বলে নির্বাচন করেন! কী প্রহসন। তারা এখনো সুষ্ঠু নির্বাচন দিলে ১০টি আসনও পাবে না! তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে।

ডা. হারুন আল রশিদ বলেন, একাত্তর সালে যে চেতনা ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই গণতন্ত্র আজ নেই। আমরা আজও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছি। এই আন্দোলনে জয়ী না হলে দেশের সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, আজকে দেশে জনগণের মাঝে ভোট নিয়ে কোনো আগ্রহ নেই। সরকার একতরফা নির্বাচন করতে যাচ্ছে। তবুও এখন রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। আসলে নির্বাচন নিয়ে নিত্য নতুন কৌশল আবিষ্কারের জন্য সরকারকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তবে আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি ৭ জানুয়ারি নির্বাচন জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, বাংলাদেশ স্বাধীনের ৫২ বছর পর আজও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। অথচ একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র ও ন্যায় বিচার নিশ্চিত করা। আজকে আওয়ামী সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমরা অবিলম্বে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, মাছের পচন যেমন মাথা থেকে শুরু হয়, তেমনি বাংলাদেশের পচন শুরু হয়েছে সর্বোচ্চ স্থান থেকে। আর বিএনপি বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে রাজপথে আন্দোলন করছে। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ