• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

দেশটাই এখন জুলুমের নগরী: মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

‘ডামি নির্বাচনের’ মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী অতি মাত্রায় বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে। সারা দেশটাই এখন জুলুমের নগরী।’

রোববার (৩১ মার্চ) বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আত্মসমার্পণ করার পর তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শণ ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধীদল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে। কারাগারে বন্দি করা হচ্ছে নির্বিচারভাবে।

তিনি বলেন, মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালত কর্তৃক বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানো হয়েছে। এ সময় জামিন নামঞ্জুর করে সোহেলকে কারাগারে পাঠানো আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আইনের শাসন ও সুশাসন দেশ থেকে চিরতরে বিদায় করে জনগণকে অত্যাচার আর উৎপীড়নের মধ্যে রাখা হয়েছে। যাতে কেউ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে আসতে না পারে। এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। দেশে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা ও নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে।’

ফখরুল বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ