• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য’

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৭ মে, ২০২৪

জনগণকে রক্ষা নয়, তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে করা মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহার, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের অনেক মানুষ, সম্পদ ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে এ নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। দেশে যখন চরম সংকট, যখন উপকূলীয় এলাকাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পত্রিকায় দেখলাম সেই সময় দেশের প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন, তাকে আমরা বলতে শুনলাম খারাপ একটি শব্দ ব্যবহার করে, তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না। তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।

বিএনপির এই নেতা আরও বলেন, কারণ জিয়াউর রহমানকে মারা হয়ে গেছে। আরাফাত রহমান কোকোকে বিদেশে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জিয়া পরিবারে আছেন শুধুমাত্র তারেক রহমান। জিয়া পরিবারকে এতোই অপছন্দ যে তাকে দেশে এনে শাস্তি দিতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, কী অপরাধ তারেক রহমানের। একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিল। ওই বিচারক পরে দেশে থাকতে পারেনি। এসকে সিনহার মতো তাকে দেশত্যাগ করতে হয়েছে। উচ্চ আদালতে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। আরেকটি মামলার এজহারসহ কোথাও তারেক রহমানের নামই ছিল না। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কমকর্তা আবদুল কাহার আকন্দ, তিনি তার এলাকায় নৌকা মার্কার ব্যানার লাগিয়ে প্রচারণা করছিলেন। তাকে সেখান থেকে এনে উচ্চতর পদে নিযুক্ত দিয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলো। এই কাহার আকন্দ মুফতি হান্নানকে এক’শ দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলানো হলো। সেই মামলায় বিদেশে থাকা অবস্থায় সাজা দেওয়া হলো। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেস্টের কাছে ১৬৪ ধারায় বলেছিল তাকে জোর করে এটা কারানো হয়েছে। আবার এই মামলার রায়ের আগেই কেন এত গুরুত্বপূর্ণ আসামিকে অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হলো?

বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের ওপর মূল রাগের কারণ হচ্ছে, তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগমান করেছে, জোরদার করেছে। দেশের ইতিহাসে তারেক রহমান দেশের ডান, বাম, সামাতান্ত্রিক, ইসলামপন্থী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটও দেননি।

নজরুল ইসলাম খান আরও বলেন, এজন্য ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংক লুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরেও সেগুলো কোনোটাই মূল কাজ নয়। মূল কাজ তারেক রহমানকে এনে শাস্তি দেওয়া।

নজরুল ইসলাম আরও বলেন, আমরা বাকশালের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। এই সরকার যে গণতন্ত্রকে হত্যা করেছে পুনরায় তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমি বলতে চাই তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে না। তিনি নিজেই আসবেন। তিনি আসবেন বীরের বেশে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ