রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনাকে সুপরিকল্পিত নাশকতা বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।
বিবৃতিতে রিজভী বলেন, যারা রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চারজন যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিল, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরণের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়।
তিনি বলেন, মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না—তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা। নাশকতাকারীরা মানবসভ্যতার শত্রু। এরা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়।
বিএনপি এই নেতা আরও বলেন, ‘এ ধরণের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব। আমি এই বর্বরোচিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’
বিবৃতিতে আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুষ্কৃতকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। এছাড়া বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে শোক জানানো হয়।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়। ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস তেজগাঁও রেলস্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ট্রেনের একটি বগির আগুন নেভানোর পর সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
এর আগে গত ১৩ ডিসেম্বর গাজীপুরে রেললাইনের ২০ ফুট কেটে ফেলায় দুর্ঘটনায় পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনের ইঞ্জিনসহ সাত বগি দুমড়েমুচড়ে গিয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী।