সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা। আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা আছে-এমন অভিযোগ তুলে নেতাকর্মীরা তাকে মাজার এলাকা ছাড়তে বাধ্য করেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ কয়েকজন জিয়ার কবরের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম সঙ্গীদের নিয়ে সেখানে গিয়ে তার পরিচয় জানতে চান।
ডা. সাবরিনা নিজেকে কেন্দ্রীয় কমিটির সদস্য পরিচয় দিলে আকরাম অভিযোগ করেন, ‘বিএনপি থেকে প্রেস দেওয়া হয়েছে, আপনার তো এখানে আসার কথা না। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।’
জবাবে সাবরিনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি। প্রমাণ দেখান।’
পরে ছাত্রদল নেতারা তাকে মাজার এলাকা ছাড়ার জন্য চাপ দেন। একপর্যায়ে উপস্থিত কয়েকজন কর্মী স্লোগান দেন- ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার, সাবধান, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এর পর গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা।