• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

জনগণের জন্য দরকার সর্বজনীন গণতন্ত্র: অধ্যাপক আবুল কাসেম

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

দেশে নব্য উদারবাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই নব্য উদারবাদ মূলত সাম্রাজ্যবাদীদের এবং দরিদ্র বিশ্বে তাদের অনুসারী ধনিক-বণিক ও আমলাদের গণতন্ত্র। এ অবস্থায় জনগণের জন্য সর্বজনীন গণতন্ত্র প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবল কাসেম ফজলুল হক।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেনের মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ গণমুক্তি পার্টি আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্রের রূপ ও প্রকৃতি: বাস্তবায়নের পন্থা’ বিষয়ে সার্বজনীন গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ গণমুক্তি পার্টির তাত্ত্বিক নেতা ও সর্বজনীন গণতন্ত্রের প্রবর্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘নিঃরাষ্ট্রবাদ বা এনার্কিজমের ধারণা প্রাচীনকাল থেকেই কিছু লোকের মধ্যে ছিল। ওই ধারার চিন্তার মধ্যেও বিবর্তন আছে। এরা সরকারবিহীন ও কর্তৃপক্ষবিহীন সমাজব্যবস্থা ও জীবনপদ্ধতি কামনা করেছেন। অপদিকে কর্তৃপক্ষ বা সরকার অপরিহার্য- এই মতও প্রাচীনকাল থেকেই আছে। নানারকম হীন-স্বার্থান্বেষী ও কায়েমি স্বার্থবাদী চিন্তাও এই দুই ধারার মধ্যেই পাওয়া যায়। গত অন্তত দুই শতাব্দী ধরে গ্রিক-রোমান-ইউরো-আমেরিকান ভাবধারা মানবজাতির ওপর কর্তৃত্ব করে চলছে। ১৯৮০’র দশক থেকে জীবপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি এবং জ্ঞান-বিজ্ঞানের আরও নানা উপাদানের সুযোগ নিয়ে মানবজাতি বিরাটভাবে উপকৃত হয়েছে। তবে এতে চলমান রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক ভাবধারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে।’

এই শিক্ষাবিদ বলেন, ‘এ অবস্থায় মানুষের মনোজগতে কর্তৃত্ব করছে কায়েমি স্বার্থবাদ ও পুরাতন চিন্তা-ভাবনার নানা বিকৃত রূপ। গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ ও তার সম্পূরক আন্তর্জাতিকতাবাদ গত প্রায় চার দশক ধরে এখন আর কোনো সুষ্ঠুরূপে নেই। গণতন্ত্র বলতে এখানে শুধু নির্বাচনকে বোঝানো হচ্ছে।’

নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এখন গণতন্ত্রের যে রূপ ও প্রকৃতি দেখা যায়, তাকে নব্য উদারবাদ নাম দেওয়া হয়েছে। এর সঙ্গে অর্থনীতি ও সংস্কৃতির ধারণাও আছে। এই নব্য উদারবাদ মূলত সাম্রাজ্যবাদীদের ও দরিদ্র বিশ্বে তাদের অনুসারী ধনিক-বণিকদের ও আমলাদের গণতন্ত্র। এটা সুশৃঙ্খল রূপ নিয়ে নেই। আমাদের ধারণা বাংলাদেশের জনগণের জন্য দরকার সর্বজনীন গণতন্ত্র। সর্বজনীন কল্যাণের বাস্তবসম্মত নীতিমালা এবং দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা করে সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে। এটা রাতারাতি করে ফেলা যাবে না, পর্যায়ক্রমে চিন্তা ও কর্মের মধ্যে দিয়ে সাফল্য অর্জন করতে হবে। বুঝতে হবে কোনো ব্যবস্থাই সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা যায় না।’

সার্বজনীন গণতন্ত্রের ধারণা প্রসঙ্গে তিনি বলে, ‘যে ব্যবস্থা ত্রুটি কম এবং কল্যাণ বেশি সেই ব্যবস্থা নিয়েই এগোতে হবে এবং প্রগতি সাধন করতে হবে পর্যায়ক্রমে। এর জন্য সাধনা ও সংগ্রাম চালিয়ে যেতে হবে। উন্নত রাজনৈতিক দল গঠন এবং সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। বাংলাদেশে এখন যে চরিত্রের রাজনৈতিক দল আছে তার কোনোটি দিয়েই সর্বজনীন গণতন্ত্রের দিকে এগোনো যাবে না। সর্বজনীন কল্যাণে নতুন রাজনৈতিক চিন্তা, পরিকল্পনা ও চিন্তাধারা দরকার। দরকার নতুন নেতৃত্ব। আভিজাত নেতৃত্ব স্বতঃস্ফূর্তভাবে হবে না, জনগণের দিক থেকে গড়ে তুলতে হবে। ঘুমন্ত জনসাধারণকে জাগাতে হবে চিন্তা ও কর্মের মধ্যে দিয়ে।’

নির্ধারিত আলোচক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের বর্তমান গণতন্ত্র বিপর্যয়ের মুখে পড়েছে। এই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘গণতন্ত্রের মূল কথা মূল্যবোধ। কথা বলার স্বাধীনতা। গণতন্ত্রের মূল কথা আমি তোমার কথা মানি না, কিন্তু সম্মান করি। এটি নিশ্চিত করা না গেলে গণতন্ত্র রক্ষা হবে না। কারণ ওইটুকুই গণতন্ত্রের মূল সুন্দর।’

এ সময় সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি সার্বজনীন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম আলীম সরকার বলেন, ‘দেশে নিত্যপণ্যের মূল্য যেভাবে গত দুই বছর হলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, সে অনুযায়ী কৃষক-শ্রমিক মেহনতি সাধারণ মানুষের জন্য ক্ষমতা বাড়েনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কৃষক-শ্রমিক মেহনতি সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যয়ের মুখে পড়েছে। দেশে এক তৃতীয়াংশ মানুষ খেতে পাচ্ছে না। ৭০ ভাগেরও বেশি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে মেহনতি সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে। জাতি ও রাষ্ট্র এদের নিকট জিম্মি হয়ে পড়েছে। সরকার এই সিন্ডিকেটদের লালন-পালন করছে। তা না হলে সরকার এই সিন্ডিকেটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কেন? তাহলে কি সরকারের চেয়ে সিন্ডিকেটদের হাত অনেক শক্তিশালী। জাতি এই সিন্ডিকেটদের হাত থেকে পরিত্রাণ চায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ