বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলমান। আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কারাগারে নিহত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ড নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিনাচিকিৎসায় কারাগারে বেশ কয়েকজন নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। ভবিষ্যতে আইন অনুযায়ী এসব হত্যার বিচার হবে।
নজরুল ইসলাম বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির যারা নির্যাতন, গুম, খুন ও শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
রাজনৈতিক কর্মসূচি সময়ের দাবিতে বিভিন্ন রকমের হয়ে থাকে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেক আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলনেও বিএনপি জয়ী হয়েছে, ১/১১এর সময়েও বিএনপি ছাড় দেয়নি। বিএনপি আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
আওয়ামী লীগের কোনো কথায় বিএনপি গুরুত্ব দেয় না দাবি করে নজরুল ইসলাম খান বলেন, জোট করে বিএনপি আন্দোলন করছে না, আন্দোলন হচ্ছে যুগপৎভাবে।