• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

গণতন্ত্রের পক্ষে পশ্চিমাদের অবস্থান আমাদের সাহস যোগাচ্ছে: ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যেভাবে বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে অবস্থান নিয়েছে, তা আমাদের সাহস যোগাচ্ছে।’

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে করণীয় শীর্ষক সেমিনার এবং ‘নো কমেন্টস, রাতের ভোট ২০১৮’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘শেখ হাসিনা জবরদখল করে ক্ষমতায় বসে আছেন। তিনি আগের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। কিন্তু ১৪ ও ১৮ সালের মতো এবার আর পারবেন না। কারণ মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা আর সম্ভব হবে না।’

নিজ দলের নেতাকর্মীদের তিনি বলেন, ‘আমাদের কত নেতাকর্মী জীবন দিচ্ছেন, তবুও হতাশা নেই। আমাদের নেত্রী, এই অবস্থায়ও আপোস করেননি। নেতাকর্মীরাও আপোস করবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা যারা আন্দোলন করছি তাদের মধ্যেও কোনো হতাশা নেই।’

একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা একা নই। পশ্চিমা বিশ্ব যারা গণতন্ত্রে বিশ্বাসী, প্রতিশ্রুতিবদ্ধ, তারা আমাদের সাহায্য করছে। এটা অস্বীকার করার উপায় নেই। এই লড়াইয়ে ইতিমধ্যে আমাদের অনেক প্রাণ গেছে, সহস্রাধিক মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এতে এটাই প্রমাণ করে যে এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তার সমস্ত ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত।’ -বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করছে। আমরা সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে রাস্তায় নেমে গেছি। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, যারা সবসময় হতাশায় ভোগেন। আমার বিশ্বাস, মাঠে থাকলে হতাশা আসে না। আমি তো দলের নেতাদের মধ্যে, আমাদের সঙ্গে যারা যুগপৎ সংগ্রাম করছেন, তাদের মধ্যে কোনো হতাশা দেখি না। আমি বিশ্বাস করি, এই সংগ্রামে আমরা জয়লাভ করব। কারণ, আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি।’

খালেদা জিয়া প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এত অসুস্থতা ও নির্যাতনের মধ্যেও খালেদা জিয়া এখনো নতি স্বীকার করেননি। তাই আমি বিশ্বাস করি, আমাদের লড়াই অবশ্যই সফল হবে এবং আমরা গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হব। একইসঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যারা লড়াই করছি, আমাদের লড়াইকে আরও বেগবান করতে হবে। রাজপথে ফয়সালা করার জন্য আমরা নেমেছি। এবং চূড়ান্ত বিজয় অবশ্যই আমরা অর্জন করতে সক্ষম হব। আমি মনে করি, সেখানেই বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তি সম্ভব হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ