বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনেক বয়স হয়েছে। এজন্য তার অসুস্থতা হতেই পারে। তবে তার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বয়স অনেক, এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারে। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দেবেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে। সবধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। আর বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে।
সরকারের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে করে যাচ্ছেন, এটা উন্নয়নের রোল মডেলই নয়; এটা উন্নয়নের স্বর্ণমডেল। দ্রুততার সাথে এত উন্নয়ন একটা দেশ করতে পারে, তার অনন্য উদাহরণ শেখ হাসিনা।
দেশের অর্থনীতি নিয়ে বিএনপির অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি বলেন, আইএমএফ একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে উল্লেখ করেছে চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চাইতে বাংলাদেশের জিডিপি অনেক ভালো। বর্তমানে দেশের জিডিপি ৬%, যা ২০২৮ সালে ৭% উন্নত হবে। এটা আইএমএফের ভবিষ্যদ্বাণী। শেখ হাসিনা টাকা গিলে খান না, বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না।
মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে, লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টা করেছে। আজকে বিএনপি সেই তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দেবে, নির্বাচনের দিন সন্ত্রাস কার্যক্রম করবে। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে অনেক সতর্ক ও সচেতন। এরইমধ্যে পথ হারিয়েছে বিএনপি, তাদের নির্বাচনে আসার আহ্বান রইল। সব দলের অংশগ্রহণে পৃথিবীর কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রির মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস প্রমুখ উপস্থিত ছিলেন।