বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অবিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।
রোববার (১৮ ফেব্রূযারি) সকালে তাঁতি দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতন্ত্র নিশ্চিহ্ন করে দিতে চায়। বিরোধীদল নিশ্চিহ্ন করে কাগজে কলমে অতীতের মতো বাকশাল কায়েম করার চক্রান্ত করছে এবং সে পথেই হাঁটছে।
মঈন খান বলেন, স্বাধীনতার মূল আদর্শে আঘাত করেছে আওয়ামী লীগ। ২৮শে অক্টোবর বিএনপির ওপর ক্র্যাকডাউন চালিয়ে এক তরফা নির্বাচন করা হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, সরকার নতুনভাবে ক্ষমতায় এসে বিরোধীদল নিশ্চিহ্নের খেলায় মেতে উঠেছে। সরকার দ্বিতীয় বাকশাল গঠন করেছে। বিরোধীদল নির্বাচন বর্জন করে রাজপথে আছে। এর একটিই কারণ, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া।
মঈন খান বলেন, একদলীয় সরকার সরিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করাই লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, ক্ষমতায় যেতে নয়; জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।
মঈন খান আরও বলেন, বাংলাদেশে গুটি কয়েক পরিবার ছাড়া কারো জীবন যাপনের অধিকার নেই। আজ দেশে নির্বাচন হয় ভোটারবিহীন। মানুষের আর নির্বাচনের ওপর আস্থা নেই।