• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

আ.লীগ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়: চরমোনাই পীর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

‘দিল্লি থাকলে আমরাও আছি’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ( চরমোনাই পীর) বলেছেন, ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রমাণ করে তারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। অথচ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে।

শনিবার (০৭ অক্টোবর) বিকেলে পুরানা পল্টন কালভার্ট রোডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা ও চরম অব্যবস্থাপনা নিরসন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, এ দেশ স্বাধীন করতে লাখো মা-বোন তাদের ইজ্জত হারাতে হয়েছে। অনেক মা তার বুক খালি করেছে। অনেক বোন হয়েছে বিধবা। অনেক সন্তান হয়েছে বাবা হারিয়ে এতিম। আত্মত্যাগে ছিনিয়ে আনা স্বাধীনতা আজ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ধ্বংস করবে এটি এদেশের মানুষ বরদাশত করবে না। মানুষ স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে।

তিনি আরও বলেন, দেশ আমাদের, নির্বাচনও আমাদের। সুতরাং আমার দেশের জনগণই সিদ্ধান্ত নেবে নির্বাচন কিভাবে হবে। এখানে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়। বিদেশিদের প্রেসক্রিপশনে রাষ্ট্র ও নির্বাচন পরিচালিত হবে না। দেশের মানুষ নানা সঙ্কট ভোগ করছে। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত।

মুফতী রেজাউল করীম বলেন, দেশে কর্তৃত্ব ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করে স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে।

‘সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার হত্যা করেছে। দেশের নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না,’ যোগ করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ওবায়দুল কাদেরে বক্তব্য সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার শামিল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করে ফেলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। মানুষের বাকস্বাধীনতার টুটি চেপে ধরবে।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের বলছেন, তলে তলে সমঝোতা হয়ে গেছে। আমি বলি তলে তলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের জনগণ সরকারের পতন আন্দোলনে তৈরি হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে পীর সাহেব চরমোনাই বলেন, ছলচাতুরির আশ্রয় না নিয়ে ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় দেশের জনগণ আপনাদেরকে চরম শিক্ষা দেবে।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন— প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ