• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

আওয়ামী শাসকগোষ্ঠী বেশি মাত্রায় কর্তৃত্ববাদী হয়ে উঠেছে: মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে।

আদালত কর্তৃক ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় শুক্রবার (১৫ মার্চ) উদ্বেগ প্রকাশ করে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নানান কায়দায় দমন—পীড়ন চালিয়ে যাচ্ছে দখলদার সরকার।

মির্জা ফখরুল আরও বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে এক জুলুমের নগরীতে পরিণত করা হয়েছে। মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ।

তিনি বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মো. কফিল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ