• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

অপকর্ম আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে: ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২০ মে, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেফতার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে প্রথমে জামিন প্রদান এবং পরে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়ে সোমবার (২০ মে) বিকেলে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে। সেটিরই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হলো।

ফখরুল বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে।

তিনি বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর কতৃর্ত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ।

বিএনপি মহাসচিব বিবৃতিতে খন্দকার আবু আশফাক এবং নজরুল ইসলাম মেসের ও মাসুদ পারভেজের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ