• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে কঠিন কর্মসূচির ইঙ্গিত আমীর খসরুর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সরকার ‘চিকিৎসা না করে’ সজ্ঞানে এবং জেনে-শুনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তাই সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে প্রয়োজনে তার চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। সবাইকে তৈরি থাকতে হবে।

বুধবার (১৬ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন এবং তার আরোগ্য কামনায় নয়াপল্টনে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই হুঁশিয়ারি দেন।

সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, স্পষ্ট ভাষায় বলছি, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে পাঠিয়ে উনার চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। আমাদের ১৯ তারিখ (আগস্ট) একটি প্রতিবাদ কর্মসূচি আছে। পরে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। সবাইকে তৈরি থাকতে হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ও ভোটাধিকার ‘ফিরিয়ে আনতে’ খালেদা জিয়াকে বাঁচাতে হবে। আজকে সমস্ত জাতি আমরা সেই পথে চলছি। ইনশা আল্লাহ আমি নিশ্চিত, আমরা দেশনেত্রীকে মুক্ত করব, চিকিৎসা করে উনি আবার রাজনীতির অঙ্গনে ফিরে আসবেন, লক্ষ-কোটি জনতা সেজন্য প্রস্তুত আছে।

গত আগস্ট থেকে ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা রাজধানীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তিনি মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া ২০২০ সালে নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি। তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে একাধিকবার আবেদন করা হলেও সাড়া মেলেনি।
আবেদনের প্রেক্ষিতে দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দণ্ডিত খালেদা জিয়া যে শর্তে মুক্ত রয়েছেন, তাতে তার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই। আইনমন্ত্রী আনিসুল হক এও বলেছেন, বিদেশ যেতে চাইলে খালেদাকে কারাগারে ফিরে নতুন করে আবেদন করতে হবে।

সরকারের ওই অবস্থানের সমালোচনা করে খসরু বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে উনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং সজ্ঞানে, জেনেশুনে, বুঝে-শুনে ডাক্তারদের বার বার অনুরোধ সত্ত্বেও তারা (সরকার) কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে। এর দায় এই সরকার শুধু নয়, এই সরকারের সাথে জড়িত যারাই প্রত্যেককে এই দায় বইতে হবে আগামী দিনে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে খসরু বলেন, কারাগারে পাঠিয়ে আজকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের মনে অনেক সন্দেহ আছে। আগামী দিনে অনেক কিছু প্রকাশ হতে পারে।

খালেদা জিয়ার সুস্থতা নিয়ে ‘দেশের বাইরের কিছু মানুষও’ চিন্তিত বলে জানান এই বিএনপি নেতা।

তিনি বলেন, উনাকে সুস্থ করার জন্য বাংলাদেশের মানুষ ছাড়াও দেশের বাইরে কিছু মানুষের চিন্তা আছে। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে অনেক চিঠিপত্রের মাধ্যমে বলেছেন উনার চিকিৎসা করানোর জন্য। কিন্তু তারা (সরকার) খালেদা জিয়ার চিকিৎসা করতে দেবে না।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এই দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, নাজিম উদ্দিন আলম, রফিকুল ইসলামসহ অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী মাহফিলে অংশ নেন।

ঢাকা ছাড়াও মহানগর-জেলা-উপজেলাতেও এদিন মিলাদের কর্মসূচি পালন করছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ