• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

আওয়ামী লীগ দেউলিয়া দল নয়, কৃষিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনে এলে কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করেছেন দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র ওবায়দুল কাদের। কৃষিমন্ত্রীর এই বক্তব্য ব্যক্তিগত দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয় যে, নির্বাচনে আসার জন্য কারও অপরাধ ক্ষমা করা হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই করেছে আওয়ামী লীগ। এমনকি সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি।’

সাংবাদিকরা এই বক্তব্যের ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ওবায়দুল কাদের জানান, এটা দলীয় কোনো বক্তব্য নয়, এটা কৃষিমন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে এটা কখনো সঠিক হতে পারে না। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল দেয়নি।’

এদিকে ওবায়দুল কাদেরের বক্তব্যের পরপর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা অবশ্যই দলের বক্তব্য নয়, এটা আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। আমি মনে করি আমার দল চায় সবাই অংশগ্রহণ (নির্বাচনে) করুক।’

তবে রাজ্জাক দাবি করেন তার বক্তব্য সঠিক। তিনি বলেন, ‘যা বলেছি আমি কোনো ভুল বলিনি। বক্তব্যে একদম ঠিক আছে। অনেক কথার মধ্যে বিষয়টি এসেছে।’

ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এই নেতার বক্তব্য নিয়ে সমালোচনা চলছে বিরোধী মহলে। সোমবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বক্তব্যকে ‘হাটে হাঁড়ি ভাঙা’ বলে মন্তব্য করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেফতার, হুলিয়া, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়িঘরে হামলা, তল্লাশি, ভাঙচুর, আটক বাণিজ্য সবকিছু পূর্ব পরিকল্পিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ