• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

লিডার আসছে স্লোগানে মুখর ৩০০ ফিট এলাকা

দেশের আওয়াজ ডেস্ক : / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নির্বাসনের দীর্ঘ ১৭ বছরের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে। কেউ কেউ এলাকাভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেতভাবে মিছিলে মুখর। এককথায় সবার মনেই উৎসবের আমেজ। সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান— লিডার আসছে।

এ ছাড়া, স্লোগান-প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা যেন বিশাল ‘উৎসবকেন্দ্রে’ পরিণত হয়েছে। আর নেতাকর্মীদের খাবারের জোগান দিতে পথে পথে হরেক রকমের খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। কিছু দূর পরপর দেখা মিলছে স্পিকারবাহী ট্রাক। সেখানে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান।

পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য। রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শনে এসেছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।

সরিষাবাড়ী থেকে আসা রুদ্র পলাশ বলেন, আমাদের দীর্ঘ সময় নির্যাতন সহ্য করে পার করতে হয়েছে। গ্রাম থেকে অনেক মানুষ উচ্ছ্বাস নিয়ে এসেছেন শুধু প্রিয় নেতার প্রত্যাবর্তন উদযাপন করতে। আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই রাত আমাদের কাছে ‘চাঁদ রাতের’ মতো মনে হচ্ছে। আমরা সারারাত এখানেই থাকব।

জানা গেছে, বিমানবন্দর থেকে এসে সরাসরি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। গত রোববার দুপুর থেকে দিন-রাত কঠোর পরিশ্রমে এটি প্রস্তুত করেছেন শ্রমিকরা। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। ওইদিন এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে বলে আমরা নিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ