জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ অন্যান্য ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এই মুহূর্তে এনসিপি কোনো জোটে নেই। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণপরিষদই বিকল্প। আমরা জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ একসাথে চাই। সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।’
তিনি আরও জানান, ‘আমরা এবার প্রতিটি উপজেলায় যাব। আমাদের উঠান বৈঠক কর্মসূচি চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা কর্মসূচি নিয়ে আমরা মানুষের দুয়ারে পৌঁছাব।’
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী দলের দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি করছি।’
এনসিপি এখন দেশের প্রতিটি উপজেলায় উঠান বৈঠক ও জনসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও দাবি বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখছে।