উপজেলা নির্বাচনে নৌকা বাদ দিলেও সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই বলে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়েছে। তারা দেখেছে, নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই। নৌকা বাদ দিলেও সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি।
বিএনপির এই নেতা বলেন, সরকার একটা প্রকল্পের মাধ্যমে সকল জনগণকে জিম্মি করে রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করলেও, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ৯৫ শতাংশ জনগণ এই নির্বাচন ব্যবস্থাকে বর্জন করেছে।
বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না জানিয়ে আমীর খসরু বলেন, যেখানে ভোটই নেই, সেখানে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ারতো কোনো প্রশ্নই আসে না। উপজেলা নির্বাচনের মাধ্যমে মানুষদের আরেকটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে সরকার।
আমীর খসরু বলেন, যারা ক্ষমতা দখল করে বসে আছে, আজ তারা ইতিহাসও দখল করতে চায়। এটাকে মূলধন বানাতে চান তারা। তারা জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে শুধু এমনটাই নয়, প্রতিটা পদে পদে জনগণের অধিকার হরণ করেছে তারা।